
আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফেরার চেষ্টা করলে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে মাঠে থাকবে বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। তিনি বলেছেন, এ ক্ষেত্রে পুলিশ কিংবা বিডিআরের ওপর নির্ভর না করে বিএনপি নিজেরাই মাঠে থাকবে। জনগণই বিএনপির মূল শক্তি।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লার বরুড়া উপজেলার ভাউকসার কেন্দ্রীয় ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় ভাউকসার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাকারিয়া তাহের সুমন বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে ফাঁসির আদেশ হলে আইন অনুযায়ী তাঁর আপিল ও উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে চূড়ান্ত রায় হলে তা কার্যকর হবে।
দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন গণপূর্তমন্ত্রী। ঢাকার বিভিন্ন স্থানে বাস ও ট্রাকে আগুন দেওয়ার ঘটনা এবং পোশাকশ্রমিকদের টাকা পাঠানোর বিষয়ে অভিযোগ তুলে তিনি বলেন, এসব ঘটনার পেছনে কারা রয়েছে, তা জনগণকে বুঝতে হবে।
মন্ত্রী আরও বলেন, বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করেছে। জনগণ তাদের পাশে থাকবে বলে তিনি বিশ্বাস করেন। ক্ষমতাচ্যুতদের বিচার হলে এবং তারা দেশে ফিরে আসতে চাইলে জনগণ তাদের ক্ষমা করতে চাইবে কি না, সেই সিদ্ধান্ত জনগণই নেবে।
ভাউকসার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে কুমিল্লা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মফিজ উদ্দিন, বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
