জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, অবিলম্বে সরকারকে জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জাতি দেখতে চায়, আর কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের কোনো স্থান এদেশে হবে না। তিনি বলেন, দেশের কোনো কোনো জায়গায় যা কিছু ঘটছে, তা অত্যন্ত উদ্বেগের বিষয়। কিন্তু এসব ঘটনার বিষয়ে বর্তমান সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য জাতির জন্য হতাশাব্যঞ্জক।

আজ সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।
জামায়াত আমির বলেন, গত চব্বিশের জুলাই বিপ্লবে ১ হাজার ৪০০ জনের অধিক শহীদ এবং হাজার হাজার আহতের বিনিময়ে অর্জিত এ বাংলাদেশে গণভোটের ম্যান্ডেট সময়ের অপরিহার্য দাবি। আমরা বরাবরই বলে আসছি, সংসদে আমাদের অবস্থান হবে একটি দায়িত্বশীল বিরোধী দলের। জনগণের কণ্ঠস্বর হয়ে সবসময় ভূমিকা রাখবো। কোনো অন্যায়ের সঙ্গে আপস করবো না। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের গণরায় বাস্তবায়নে আমাদের যে দাবি, তাতে আমাদের অনড় অবস্থান অটুট থাকবে, ইনশাআল্লাহ।
