শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গোষ্ঠীদ্বন্দ্ব, ব্যক্তিগত স্বার্থের সংঘাত ও অপ্রয়োজনীয় বিরোধের ঊর্ধ্বে রাখার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মত ও বিশ্বাসের ভিন্নতা থাকাটা স্বাভাবিক। তবে সেই ভিন্নতা যেন শিক্ষার পরিবেশ, পাঠদান কার্যক্রম, প্রশাসনিক শৃঙ্খলা ও শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত করার কারণ না হয়, সে বিষয়ে শিক্ষকদের সতর্ক ও সচেতন থাকতে হবে।
আজ শনিবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন-২০২৬ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে এই ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’ আয়োজন করা হয়। অধ্যক্ষ সম্মিলন-২০২৬-এর এবারের প্রতিপাদ্য হচ্ছে- ‘দক্ষতা আর প্রযুক্তিতে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।’
প্রধানমন্ত্রী বলেন, একজন অধ্যক্ষ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক প্রধান নন; তিনি প্রতিষ্ঠানের নেতা, নৈতিক দিকনির্দেশক এবং ভবিষ্যৎ প্রজন্ম গড়ার অন্যতম স্থপতি। তার মেধা, যোগ্যতা, সিদ্ধান্ত, বিচক্ষণতা ও দূরদর্শিতার ওপর শিক্ষা প্রতিষ্ঠানের সামগ্রিক অগ্রগতি অনেকাংশে নির্ভর করে।
শিক্ষা খাতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিভিন্ন অবদানের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, শহর ও গ্রামের মানুষের জন্য উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে খালেদা জিয়া ১৯৯২ সালের ২১ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের সংখ্যা প্রায় আড়াই হাজার। প্রতিষ্ঠার পর থেকে কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার মান কতোটা উন্নত হয়েছে, তা নিয়ে আত্মসমালোচনা প্রয়োজন।
বিগত ফ্যাসিবাদী শাসনামলে দেশের অন্যান্য খাতের মতো শিক্ষাব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এখন ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে সবাইকে সম্মিলিতভাবে শিক্ষাব্যবস্থাকে আধুনিক, মানসম্মত ও সময়োপযোগী করে গড়ে তুলতে হবে। তিনি বলেন, সরকার এ লক্ষ্যে প্রয়োজনীয় পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ করছে। তবে সেগুলোর বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষদের নেতৃত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
যুগোপযোগী ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে শিক্ষকদের প্রশিক্ষণের বিকল্প নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, প্রচলিত শিক্ষককেন্দ্রিক শিক্ষার পরিবর্তে শিক্ষার্থী ও গবেষণাভিত্তিক পাঠদান পদ্ধতি চালু করতে হবে। এ ক্ষেত্রে ‘ট্রেনিং অব ট্রেইনার্স’ কর্মসূচি কার্যকর ভূমিকা রাখতে পারে।
বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচির সাফল্য কামনা করেন। এর আগে, সকাল ১০টা ২০ মিনিটে সম্মিলনে পৌঁছান প্রধানমন্ত্রী। জাতীয় সংগীত এবং কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
পরে মহান মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণঅভ্যূত্থানে শহীদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর ‘প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ’ গানের সঙ্গে তাল মিলিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রামাণ্যচিত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।
এছাড়াও আরও বক্তব্য রাখেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো.মাহফুজুল ইসলাম, লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সুলতানা মাহমুদা ইয়াসমীন, বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন।
