মালয়েশিয়ায় এই প্রথমবারের মতো সফলভাবে সম্পন্ন হলো জাতীয় জরুরি সতর্কবার্তা ব্যবস্থা বা ‘মাইসাইরেন’ (MySiren)-এর প্রথম দেশব্যাপী মহড়া ও কারিগরি পরীক্ষা। আজ রোববার পূর্বঘোষিত সময়সূচী অনুযায়ী, মালয়েশিয়া সময় সকাল ১০:১০ মিনিটে দেশের কোটি কোটি সচল মোবাইল ফোনে একযোগে এই পরীক্ষামূলক জরুরি বার্তা ও বিশেষ সতর্কীকরণ সাইরেন পাঠানো হয়।
মালয়েশিয়ান কমিউনিকেশনস অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশন (MCMC) জানিয়েছে, সকাল ১০:১০ থেকে ১০:৩০ মিনিট পর্যন্ত চলা এই পরীক্ষার মূল উদ্দেশ্য ছিল জরুরি মুহূর্তে কোত দ্রুত বার্তা নাগরিকদের কাছে পৌঁছানো সম্ভব তা যাচাই করা, কারিগরি ত্রুটি চিহ্নিত করা এবং জনগণকে এর বিশেষ সতর্কীকরণ শব্দের (Warning Sound) সাথে পরিচিত করা।
ফোনে ফোনে দ্বিভাষিক বার্তা
আজ সকাল ১০:১০ মিনিটে নাগরিকদের মোবাইল স্ক্রিনে ভেসে ওঠে একটি দ্বিভাষিক ‘জাতীয় সতর্কবার্তা’। মালয় ও ইংরেজি ভাষায় পাঠানো এই বার্তায় লেখা ছিল “MySiren UJIAN” এবং “MySiren TEST”। একই সাথে এটি একটি পদ্ধতিগত পরীক্ষা হওয়ায় সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে বার্তাটি উপেক্ষা (Ignore) করার অনুরোধ জানানো হয়।
ডাটা বা ইন্টারনেট ছাড়াই সচল এই প্রযুক্তি
যোগাযোগ মন্ত্রী দাতুক সেরি ফাহমি ফাদজিল এর আগে জানিয়েছিলেন, এই ব্যবস্থাটি সেল ব্রডকাস্ট সিস্টেম (CBS) প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি। ফলে ৪জি (4G) এবং ৫জি (5G) নেটওয়ার্কের আওতায় থাকা যেকোনো সামঞ্জস্যপূর্ণ ফোনে কোনো প্রকার ইন্টারনেট বা মোবাইল ডাটা খরচ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে এই সতর্কবার্তা পৌঁছে যায়। এর জন্য ফোনে আলাদা কোনো অ্যাপ ডাউনলোড করারও প্রয়োজন নেই।
কারা পাবেন এই সুবিধা?
ভবিষ্যতে যেকোনো বড় প্রাকৃতিক দুর্যোগ বা জাতীয় জরুরি অবস্থায় এই সতর্কবার্তা পেতে নাগরিকদের ফোনের অপারেটিং সিস্টেম আপডেট রাখার আহ্বান জানিয়েছে MCMC। এই সেবা পাওয়ার জন্য ফোনের সর্বনিম্ন কারিগরি যোগ্যতাগুলো হলো:
আইফোন (iPhone): আইফোন ১১ বা তার পরবর্তী মডেল (আইওএস ২৭.২ বা তার নতুন সংস্করণ)।
অ্যান্ড্রয়েড (Android): অ্যান্ড্রয়েড ১২ বা তার পরবর্তী সংস্করণ।
হুয়াওয়ে (Huawei): ইএমইউআই ১৬ বা তার পরবর্তী সংস্করণ।
কর্তৃপক্ষ নাগরিকদের ফোনের সেটিংস অপশনে গিয়ে ‘Government Alerts’ বা ‘Emergency Alerts’ চালু রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে।
