ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়ার সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে কর্মী-সমর্থকদের নিয়ে থানায় গিয়ে ওসির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলেন তিনি। পাল্টা অভিযোগ করেন ওসিও।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সদ্য সমাপ্ত শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের সময় ব্যক্তিগত নিরাপত্তা না পাওয়ার অভিযোগে ক্ষুব্ধ ছিলেন রুমিন ফারহানা। এ বিষয়ে জানতে এবং ওসির বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ নিয়ে কথা বলতে বৃহস্পতিবার রাত ৮টার দিকে সরাইল থানায় যান তিনি। রাত ৯টা পর্যন্ত ওসির কক্ষে অবস্থান করেন সংসদ সদস্য।
এ সময় রুমিন ফারহানার সঙ্গে যাওয়া এক ব্যক্তি ওসির বিরুদ্ধে তাঁর কাছ থেকে ৩০ হাজার টাকা নেওয়ার অভিযোগ করেন। তবে অভিযোগটি অস্বীকার করেন ওসি মনজুর কাদের ভূঁইয়া। ওই ব্যক্তিকে শিখিয়ে থানায় আনা হয়েছে বলেও দাবি করেন তিনি।
একপর্যায়ে ওসিকে উদ্দেশ করে রুমিন ফারহানা বলেন, ‘আপনি তো বিরাট আওয়ামী লীগ ছিলেন। আপনার হিস্ট্রি তো আমি জানি স্যার। যাই হোক, সেটা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই।’
জবাবে ওসি মনজুর কাদের ভূঁইয়া অভিযোগ করেন, রুমিন ফারহানা আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে বাধা দেন। তাঁর ভাষ্য, ‘আপনি তো আওয়ামী লীগের লোকজনকে সব সময় শেল্টার দেন, তাদের ধরতে গেলে আপনি নিষেধ করেন। আমার কাছে লিস্ট আছে। আপনি রাজ্জিকে ধরতে নিষেধ করেছেন।’
জবাবে রুমিন ফারহানা বলেন, সাবেক ইউপি চেয়ারম্যান রাজ্জি আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত।
রুমিন ফারহানার অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন, সংসদ সদস্য শত শত লোক নিয়ে থানায় এসে অস্থিরতা তৈরি করেন। কয়েকজনকে তাঁর বিরুদ্ধে অভিযোগ করতে শিখিয়ে আনা হয়েছে বলেও দাবি করেন তিনি।
ওসি বলেন, তাঁর বিরুদ্ধে ইটভাটা থেকে টাকা নেওয়ার অভিযোগ তোলা হয়েছে। তবে হাওর এলাকায় ইটভাটাগুলো পানির নিচে থাকায় এ অভিযোগের ভিত্তি নেই বলে মন্তব্য করেন তিনি। দুর্গাপূজায় পুরো থানা এলাকায় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল জানিয়ে ওসি বলেন, সংসদ সদস্যের সঙ্গে ব্যক্তিগতভাবে পুলিশের একটি দল রাখা তখন কঠিন ছিল।
অন্যদিকে, রুমিন ফারহানা দাবি করেন, ওসির বিরুদ্ধে দুর্নীতি, মাটি কাটার ব্যবসা ও ইটভাটা থেকে অর্থ নেওয়াসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। সরাইল এলাকাকে দাঙ্গাপ্রবণ উল্লেখ করে তিনি অভিযোগ করেন, সংঘর্ষের পর পরিস্থিতি শান্ত হলে পুলিশ ঘটনাস্থলে যায়।
রুমিন ফারহানা বলেন, একজন নির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে ওসির এমন আচরণ করা উচিত নয়। তিনি ওসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তাঁকে ‘আওয়ামী লীগের চোর ওসি’ বলেও মন্তব্য করেন।
এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মু. জালাল উদ্দিন ফাহিমের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।
ওসি ও সংসদ সদস্যের পাল্টাপাল্টি অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

