ছোট ছেলে মির্জা আরাফাত আব্বাস আজানকে সঙ্গে নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
বুধবার (১১ নভেম্বর) ছেলেকে সঙ্গে নিয়ে সংসদের অধিবেশন কক্ষে প্রবেশ করেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস।
এ সময় ছেলেকে রাজনীতিতে যুক্ত করবেন কি না, এমন প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, ‘এটা ওর (ছেলে) ভাগ্যের বিষয়। আমি নিজেও জানতাম না রাজনীতিতে আসব কি না। আমার পরিবার রাজনৈতিক পরিবার। রাজনীতিতে কেউ না কেউ আসবেই। আমার পরিবারে ছেলেসহ ১৫ থেকে ২০ জন রাজনীতি করার মতো লোক আছে।’
রাজনীতিতে নিজের দীর্ঘ পথচলার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, রাজনীতিতে অনেক অত্যাচার সহ্য করেছেন তিনি। তাঁর সঙ্গে যারা প্রতিযোগিতায় ছিলেন, তাদের অনেকে ঝরে পড়েছেন। রাজনীতিতে অনেক প্রতিযোগিতা রয়েছে। অনেকে অংশ নিতে পারলেও শেষ পর্যন্ত টিকে থাকতে পারেন না।
এদিকে বাবার সঙ্গে সংসদে আসার বিষয়ে মির্জা আরাফাত আব্বাস আজান বলেন, পড়ালেখাসহ নানা কারণে তাঁকে দেশের বাইরে থাকতে হয়েছে। তবে এখন বাবার পাশে থাকাটা নিজের জন্য জরুরি বলে মনে করেন তিনি।
আজান বলেন, ‘সবকিছুতেই বাবা আমার আদর্শ। বাবার পাশে ছায়া হয়ে থাকতে চাই।’
বাবার রাজনৈতিক দায়িত্বের হাল ধরবেন কি না, এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে আজান বলেন, ‘বাবাই আমার আদর্শ, এটাই আমার শেষ কথা।’
