চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মা ফাতেমা আক্তারসহ পাঁচজন নিহত হয়েছেন। তবে মায়ের মৃত্যুর পরও প্রাণে বেঁচে গেছে তাঁর ১০ মাস বয়সী শিশুপুত্র। দুর্ঘটনার পর শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত ফাতেমা আক্তারের বাড়ি নেত্রকোনা জেলার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের শিবাশ্রম গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২৬ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ১টার দিকে চট্টগ্রাম থেকে নেত্রকোনাগামী শাপলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের কুমিরা রয়েল গেট এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে থেমে যায়।
বাসটি মেরামতের সময় কয়েকজন যাত্রী নিচে নেমে সড়কের পাশে অপেক্ষা করছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ফাতেমা আক্তারসহ পাঁচজন নিহত হন। তবে মায়ের সঙ্গে থাকা ১০ মাসের শিশুটি প্রাণে বেঁচে যায়।
দুর্ঘটনার পর শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।
শিশুটির পরিবারের সদস্য বা স্বজনদের কাউকে খুঁজে না পাওয়ায় হাসপাতালের কর্তব্যরত নার্স ও সেবাকর্মীরাই তার দেখাশোনা করছেন।
শিশুটির পরিচয় বা স্বজনদের বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ অথবা হাসপাতাল পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
