কৃষিপণ্য রপ্তানিতে গুণগত মান নিশ্চিত করবে গামা ইরেডিয়েশন প্রযুক্তি: কৃষিমন্ত্রী

বাংলাদেশ গ্লোবাল
2 Min Read

কৃষিপণ্যের গুণগত মান বজায় রাখা এবং রপ্তানির উপযোগী করে তুলতে গামা ইরেডিয়েশন প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। তিনি বলেন, এ প্রযুক্তি ক্ষতিকর নয়। দ্রুত পচনশীল কৃষিপণ্য সংরক্ষণ এবং জীবাণুমুক্ত করার কাজে এটি ব্যবহৃত হয়। বাংলাদেশে এ প্রযুক্তির ব্যবহার চালু করতে যাচ্ছে সরকার।

শনিবার সকালে গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) গামা ইরেডিয়েশন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশি আমের চাহিদা ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে। তবে আন্তর্জাতিক বাজারের চাহিদা পূরণে আম রপ্তানি করতে হলে পণ্যের গুণগত মান নিশ্চিত করতে হবে। গামা ইরেডিয়েশন প্রযুক্তি সেই মান নিশ্চিত করতে সহায়তা করবে।

তিনি বলেন, বর্তমান সরকার কৃষিপণ্যকে দেশের অন্যতম প্রধান রপ্তানি পণ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েছে। কৃষি খাত শক্তিশালী হলে দেশের অর্থনীতিও সমৃদ্ধ হবে। এ জন্য কৃষিপণ্য রপ্তানিতে সংশ্লিষ্টদের সুনির্দিষ্ট ও কার্যকর কর্মপরিকল্পনা থাকতে হবে।

কৃষিপণ্য আমদানির ওপর নির্ভরতা কমানোর ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী আরও বলেন, বিজ্ঞানীরা তাকে ক্যাপসিকাম ও গাজরসহ বিভিন্ন কৃষিপণ্য আমদানি বন্ধের পরামর্শ দিয়েছেন। সরকারও এ বিষয়ে আগ্রহী। যে দেশে সারা বছর কৃষিপণ্য উৎপাদনের সুযোগ রয়েছে, সে দেশে এসব পণ্য আমদানি নির্ভরতা কমানো প্রয়োজন। সরকার আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসতে চায়।

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, কৃষি সচিব মো. সেলিম খান, বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার আবাসিক প্রতিনিধিসহ অন্যরা।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানের পরিচালক (প্রশাসন) ড. শরীফুল হক ভূঁইয়া।

পরে কৃষিমন্ত্রী গামা ইরেডিয়েশন সেন্টারের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি চীনের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন