দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের স্লুইস গেট এলাকায় ওয়াকওয়ে, শিশু পার্ক ও বিনোদন কেন্দ্র গড়ে তোলার সম্ভাবনা যাচাইয়ে সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন। গত বৃহস্পতিবার দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলামের দিকনির্দেশনায় তিনি স্লুইস গেট এলাকা পরিদর্শন করেন। এ সময় নদীর দুই পাড়ের সম্ভাব্য উন্নয়ন কার্যক্রম ও অবকাঠামোগত দিকগুলো সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়। পরিদর্শনকালে সংশ্লিষ্ট কারিগরি ও প্রকৌশলগত বিষয় নিয়েও আলোচনা হয়।

বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন বলেন, সংসদ সদস্য মহোদয়ের পরিকল্পনা ও দিকনির্দেশনা অনুযায়ী বীরগঞ্জ পৌর শহরের স্লুইস গেট এলাকাকে একটি সুন্দর ও আধুনিক বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করছি। এখানে ওয়াকওয়ে, শিশু পার্ক ও বিনোদন কেন্দ্র গড়ে তোলা সম্ভব হলে স্থানীয় মানুষের জন্য হাঁটা-চলা, অবসর সময় কাটানো এবং শিশুদের বিনোদনের সুন্দর পরিবেশ তৈরি হবে। পাশাপাশি নদীর দুই পাড়ের সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং এলাকাটি পৌরবাসীর জন্য একটি আকর্ষণীয় স্থান হিসেবে গড়ে উঠবে। এ লক্ষ্যে সম্ভাব্য স্থানটি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় বিষয়গুলো পর্যবেক্ষণ করা হয়েছে। পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

স্লুইস গেট এলাকাকে পরিকল্পিতভাবে সাজানো গেলে এটি ভবিষ্যতে বীরগঞ্জ পৌর শহরের একটি আকর্ষণীয় বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে বলে স্থানীয়ভাবে প্রত্যাশা করা হচ্ছে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা প্রশাসনের উপ-প্রশাসনিক কর্মকর্তা শাহাজান আলী, বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি উত্তম শর্মা ও সাধারণ সম্পাদক আব্দুল জলিলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে প্রস্তাবিত ওয়াকওয়ে, শিশু পার্ক ও বিনোদন কেন্দ্র নির্মাণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, অর্থায়ন এবং বাস্তবায়নের সময়সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।
