শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসনের সদস্য এলিজা জামান। জাতীয় সংসদের স্পীকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ তাদের শপথ বাক্য পাঠ করান।

আজ মঙ্গলবার দুপুরে সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় জাতীয় সংসদের স্পীকারের কার্যালয়ে নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ-১৪৮-এর তৃতীয় তফসিল ও জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি-৫ অনুযায়ী জাতীয় সংসদের স্পীকার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান।
শপথ গ্রহণ শেষে নতুন দুই সংসদ সদস্য রীতি অনুযায়ী সংসদ সচিবের রুমে শপথ বইয়ে স্বাক্ষর করেন। শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার, চীফ হুইপসহ অন্যান্য হুইপ, সংসদ সদস্যসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
