দেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে সাজাতে এবং তৃণমূল পর্যায়ে ক্রীড়া অবকাঠামোর মান উন্নয়নে ব্যাপক কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দেশের প্রায় ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়ন ও সংস্কারসহ নতুন ক্রীড়া অবকাঠামো নির্মাণের কাজ শিগগিরই শুরু হবে। আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে এসব উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করা হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়ামে ‘জেলা প্রশাসক আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে নওগাঁর ক্রীড়াঙ্গনের অতীত গৌরব ও কৃতী ফুটবলারদের অবদান স্মরণ করে প্রতিমন্ত্রী এই অঞ্চলে হারিয়ে যাওয়া ক্রীড়াচর্চা পুনরুজ্জীবিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, নওগাঁ জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দূর করে দ্রুত পূর্ণাঙ্গ প্যাভিলিয়ন, গ্যালারি ও ইনডোর সুবিধাসহ আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হবে।
ক্রীড়াবিদদের সামাজিক ও পেশাগত নিরাপত্তার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই খেলাধুলাকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। এতদিন সমাজে ডাক্তার, প্রকৌশলী কিংবা প্রচলিত সরকারি চাকরিকে পেশা হিসেবে বেশি গুরুত্ব দেওয়া হলেও এখন খেলাধুলাকেও টেকসই ক্যারিয়ার হিসেবে প্রতিষ্ঠার পরিবেশ তৈরি করা হচ্ছে।
তিনি জানান, ইতোমধ্যে পেশাদার খেলোয়াড়দের সরকারি ক্রীড়া ভাতা দেওয়া শুরু হয়েছে। এর আওতায় জাতীয় পর্যায়ের তিন শতাধিক কৃতী ক্রীড়াবিদকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
খেলোয়াড়দের ক্রীড়াজীবন শেষে কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, খেলোয়াড়দের সরকারি চাকরি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ করে উপজেলা ক্রীড়া অফিসার পদে অভিজ্ঞ ও সাবেক প্রতিভাবান খেলোয়াড়দের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।
তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাইয়ের বিষয়ে আমিনুল হক বলেন, ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার প্রথম আসরে অংশ নেওয়া ৩০৬ জন খেলোয়াড়ের মধ্য থেকে বাছাই করে ৪০ জন উদীয়মান ক্রীড়াবিদকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) স্থায়ীভাবে ভর্তির সুযোগ দেওয়া হয়েছে। আগামী জানুয়ারি থেকে তাদের পড়াশোনা ও খেলাধুলার যাবতীয় ব্যয়ভার ও দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে।
অনুষ্ঠানে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও ছাত্র-জনতার আন্দোলনের আত্মত্যাগের প্রসঙ্গও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসিস্ট স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে অনেক নেতাকর্মী গুম ও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। অনেকে পঙ্গুত্ববরণ করে অসহায় জীবনযাপন করছেন। দীর্ঘ লড়াইয়ের পর সাধারণ মানুষের ঐক্যবদ্ধ রায়ে একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠনের সুযোগ পেয়েছে।
প্রধানমন্ত্রী দল-মতনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন বলেও উল্লেখ করেন তিনি। তবে রাজনৈতিক পরিবর্তনের পরও কিছু স্বৈরাচারের প্রেতাত্মা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেন প্রতিমন্ত্রী। পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার প্রতি সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, স্বৈরাচার বা বিশৃঙ্খলাকারীদের আর কোনো ছাড় দেওয়া হবে না। পতিত স্বৈরাচারী নেত্রী ও তাঁর সহযোগীদের নিয়ে যারা এখনো স্বপ্ন দেখছেন, জনগণ তাদের আর মেনে নেবে না।
যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাদারত্ব নিশ্চিত করা গেলে এর প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরি হবে। এর মাধ্যমে সমাজের অনিয়ম ও বিশৃঙ্খলা দূর করে ইতিবাচক সামাজিক পরিবর্তন সম্ভব।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য একরামুল বারি টিপু এবং নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এনামুল হক।
এ সময় নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও ক্রীড়া সংগঠকেরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, জেলার ১১টি উপজেলা ও একটি পৌরসভাসহ মোট ১২টি দল এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় মান্দা উপজেলাকে ২-১ গোলে হারিয়ে রানীনগর উপজেলা বিজয়ী হয়।
