গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর বাজারে জমি দখলের চেষ্টা, চাঁদা দাবি এবং ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ী মো. আব্দুল জলিল মিয়া। এ ঘটনায় তাঁর স্ত্রী, মেয়ে ও মামাতো বোনসহ তিনজন আহত হয়েছেন বলে দাবি করেছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল জলিল মিয়া।
লিখিত বক্তব্যে তিনি জানান, দারিয়াপুর বাজারসংলগ্ন ব্রিজের উত্তর পাশে অবকাঠামোসহ ছয় শতক জমি মৃত করিম বক্সের তিন মেয়ে রুবি, মোর্শেদা ও খাদিজা বেগমের কাছ থেকে বৈধভাবে কিনেছেন তিনি। তবে জমি কেনার পর থেকেই ওই তিন বোনের ভাই জাহাঙ্গীর, জিয়াউর ও আশরাফুল ইসলাম ক্রয়কৃত জমির দলিলকে ভুয়া দাবি করে তাঁর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছেন।
আব্দুল জলিলের অভিযোগ, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় গত বুধবার সকালে দারিয়াপুর বাজারে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান মেসার্স হাসান ট্রেডার্স খুলতে গেলে বাধা দেন অভিযুক্তরা। একপর্যায়ে তাঁরা দলবল নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দোকানে হামলা চালান এবং কর্মচারীদের মারধর করেন।
এ সময় বাধা দিতে গেলে তাঁর স্ত্রী শিল্পী বেগম, মেয়ে মনি আক্তার ও মামাতো বোন মিথিলা গুরুতর আহত হন বলে জানান তিনি।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য স্ত্রী শিল্পী বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সংবাদ সম্মেলনে আব্দুল জলিল এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে নিজের পরিবার ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
