শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের উদাসীনতা, দায়িত্বে অবহেলা কিংবা দায়িত্বজ্ঞানহীন আচরণ কোনোভাবেই বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
তিনি বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা শিক্ষকদের অন্যতম প্রধান দায়িত্ব। এ দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা গাফিলতির সুযোগ নেই। শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানের মান নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের প্রতি আন্তরিক ও দায়িত্বশীল আচরণ করতে হবে।
শিক্ষকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। এ সময় তিনি শিক্ষার পরিবেশ উন্নয়ন, শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান এবং শিক্ষকদের পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন।
এমপি বাচ্চু আরও বলেন, একটি শিক্ষিত ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে কোনো ধরনের অবহেলা কাম্য নয়। শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ নিয়ে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
সভায় সংসদ সদস্য শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়ানোর আহ্বান জানান।
