আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে যশোরের বেনাপোলের ৩ নং বাহাদুরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছে রবিউল ইসলাম রবির নাম। ইউনিয়নের বিভিন্ন চায়ের দোকান, হাট-বাজার ও সামাজিক আড্ডায় সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনার মধ্যে স্থানীয় ভোটারদের একটি অংশের মুখে শোনা যাচ্ছে তাঁর নাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিউল ইসলাম রবি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তাঁর সমর্থকদের দাবি, সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে থাকা এবং স্থানীয় পর্যায়ে যোগাযোগ ও গ্রহণযোগ্যতার কারণে আসন্ন নির্বাচনে তাঁকে নিয়ে ইতিবাচক আলোচনা তৈরি হয়েছে।
নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে রবিউল ইসলাম রবি জানান, এলাকার মুরুব্বি, তরুণ সমাজ ও সাধারণ মানুষের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে তিনি কাজ করছেন। জনগণ তাঁকে সুযোগ দিলে এবং দলীয় বা স্থানীয় পর্যায়ে সমর্থন পেলে ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে, ৩ নং বাহাদুরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আরও একাধিক সম্ভাব্য প্রার্থী নিজেদের অবস্থান শক্ত করতে গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে নির্বাচনকে ঘিরে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক ও সামাজিক তৎপরতা বাড়ছে।
স্থানীয় সচেতন মহলের ধারণা, নির্বাচনের তফসিল ঘোষণা হলে সম্ভাব্য প্রার্থীদের অবস্থান ও নির্বাচনী হিসাব-নিকাশ আরও স্পষ্ট হবে।
