
লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সম্মেলনে সভাপতি পদপ্রার্থী আক্তার হোসেন সিপনের প্রতি সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন তিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। তাঁদের মধ্যে রয়েছেন তানভীর হোসেন, সবুজ হোসেন ও মো. সবুজ। সম্মেলনে তাঁদের এ ঘোষণাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
গত শনিবার (১৪ নভেম্বর) বিকেলে ৯ নম্বর ওয়ার্ড যুবদলের এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি পদপ্রার্থী আক্তার হোসেন সিপন বিপুলসংখ্যক কর্মী-সমর্থক নিয়ে মিছিলসহ সভাস্থলে উপস্থিত হন।
দলীয় সূত্রে জানা যায়, সভাপতি পদে একাধিক নেতা প্রতিদ্বন্দ্বিতার আলোচনায় ছিলেন। তবে সম্মেলনের দিন তানভীর হোসেন, সবুজ হোসেন ও মো. সবুজ সভাস্থলে উপস্থিত হয়ে আক্তার হোসেন সিপনের প্রতি সমর্থন জানান এবং নিজেদের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন।
তিন প্রার্থীর এ ঘোষণার পর সম্মেলনস্থলে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। এ সময় সিপনের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন কর্মী-সমর্থকরা।
কর্মী-সমর্থকদের এমন সমর্থনে আবেগাপ্লুত হয়ে পড়েন আক্তার হোসেন সিপন। তিনি জেলা, উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দসহ উপস্থিত সব কর্মী-সমর্থকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বক্তব্যে আক্তার হোসেন সিপন বলেন, ‘আমার প্রিয় নেতৃবৃন্দ যদি আমাকে এই দায়িত্ব অর্পণ করেন, তবে আমি আমার সাধ্যমতো দল ও দেশের জন্য সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব ইনশাআল্লাহ।’
